যশোর জেলার বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নির্যাতনে তিন বাংলাদেশী যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশী যুবকের মৃত্যুর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা ও নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতীয় বিএসএফের হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো কর্ণপাত করছে না। ভারতীয়দের এ ধরনের আচরণ প্রমাণ করে যে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। ভারত সরকারের এই উস্কানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।"
"ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি," যোগ করেন জামায়াত সেক্রেটারি।



0 Comments