Advertisement

সাবেক সচিব ইসমাইলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

 

সাবেক সচিব ইসমাইল হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর - ছবি: সংগৃহীত

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মো. তারেক জুবায়ের।

আদালত সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন ইসমাইল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে আটক করে। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে বিমানবন্দর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়, যা রাষ্ট্রপক্ষের বিরোধিতার মুখে নামঞ্জুর হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইসমাইল হোসেনের জামিন আবেদন খারিজ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Post a Comment

0 Comments