বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশের আগমুহূর্তে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, যা দিয়ে ৫৩ বছরের দীর্ঘ আসাদ পরিবার শাসনের সমাপ্তি ঘটল।
এই সংকটময় পরিস্থিতিতে, বাশারের ক্যানসার আক্রান্ত স্ত্রী আসমা ও তাদের সন্তানরা এখন কোথায়? এমন প্রশ্ন অনেকের মনেই উত্থিত হয়েছে।
রোববার সকালে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করে, এর ঠিক আগে রাজধানী ত্যাগ করেন বাশার আল-আসাদ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, বাশার আল-আসাদ ব্যক্তিগত প্লেনে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিলেও তার গন্তব্যস্থল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছিলেন বাশার, তবে সেই ভাষণ আর দেওয়া হয়নি। পরদিন রোববার সকালে, ২৪ বছর ক্ষমতায় থাকার পর, বাশারকে দেশ ত্যাগ করতে হয়।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাশারের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা এবং তাদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। আসমা সন্তানদের নিয়ে গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে গেছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে জানানো হয়েছিল যে, ৪৮ বছর বয়সি আসমার শরীরে লিউকেমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) ধরা পড়েছে। তাই তিনি জনসম্মুখে কোন অনুষ্ঠানেও অংশ নিচ্ছিলেন না। এর আগে, ২০১৬ সালে স্তন ক্যানসার থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছিলেন আসমা।
আসমা জন্ম ও বেড়ে উঠেছেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে বিনিয়োগ ব্যাংকে চাকরি করার সময় বাশার আল-আসাদের সঙ্গে তার পরিচয় হয়। পরে বাশারকে বিয়ে করে সিরিয়ায় চলে আসেন। ২০১১ সাল থেকে চলা সিরিয়ার গৃহযুদ্ধে নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এবং দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন আসমা, কিন্তু বিদ্রোহীরা তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেনি।
সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল



0 Comments