Advertisement

ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, ভারত সম্পর্কিত নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটোরিয়ামে 'ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন' বিষয়ে আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, "আমরা কখনোই জাতীয় স্বার্থের ক্ষতি করে কোনো দেশের সাথে সম্পর্ক রাখতে চাই না। বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতসহ অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন, জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিচালনা করবে এবং নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে।"

তিনি আরও বলেন, "সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এজন্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে সে জন্য স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।"

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। এছাড়া, ভার্চুয়ালি বক্তব্য দেন আর্ডো'র গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

এ কর্মশালায় শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

Post a Comment

0 Comments