পাকিস্তানের আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে ইমরান খান কারাবন্দি জীবন যাপন করছেন।
এছাড়া, ইমরান ও বুশরা ছাড়াও তার রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর বিভিন্ন স্তরের ৯৩ নেতার বিরুদ্ধেও জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এই তালিকায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভী, পার্লামেন্টের সাবেক স্পিকার আসাদ কায়সার, পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান, এবং বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানসহ আরও অনেকের নাম রয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পুলিশ মোট ৯৬ জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল। এর মধ্যে থেকে ৩ জনকে বাদ দিয়ে বাকি ৯৩ জনের বিরুদ্ধে আদালত পরোয়ানা ইস্যু করেছে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবি আলোচিত তোশাখানা মামলার আসামি হিসেবে ৯ মাস কারাবাসের পর গত নভেম্বরে জামিন পেয়েছেন।
বুশরা জামিন পাওয়ার কিছুদিনের মধ্যে, ২৪ নভেম্বর পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ, এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন।
২৭ নভেম্বর তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ শুরু করেন, যেখানে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পিটিআইয়ের নেতারা জানিয়েছেন, ওই সংঘর্ষে ১২ জন কর্মী-সমর্থক নিহত হয়েছেন। তবে বিক্ষোভের সময় আলী আমিন গান্দাপোর এবং বুশরা বিবি ছাড়া দলের অন্য কোনো নেতাকে দেখা যায়নি। ২৭ তারিখের কর্মসূচি শেষ হওয়ার পর থেকে বুশরা বিবি আত্মগোপনে রয়েছেন।



0 Comments