Advertisement

ইসরাইলি বাহিনীতে মানসিক সমস্যা এবং আত্মহত্যার হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ইসরাইলের একজন কর্মকর্তা অধিকৃত অঞ্চলে সৈন্যদের মধ্যে মানসিক রোগ এবং আত্মহত্যার ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ও সতর্কতা প্রকাশ করেছেন। আল-মায়াদিনের তথ্য অনুযায়ী, ইসরাইলি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাউন্সিলের প্রধান গিল জালসম্যান এই মানসিক সংকটের কথা তুলে ধরেছেন।

তিনি সতর্ক করেছেন যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মানসিক রোগ এবং আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তিনি উল্লেখ করেছেন, “অধিকৃত অঞ্চলে মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংকট ব্যবস্থাপনা সংস্থাগুলোতে রেফারেলের সংখ্যা গত বছর ৪০ শতাংশ বেড়ে গেছে।”

সাম্প্রতিক আত্মহত্যার ঘটনা নিয়ে ইসরাইলের পত্রিকা ইদিওত আহারনোথ ২২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় গাজা ও লেবাননের যুদ্ধে দীর্ঘ সময় অংশগ্রহণকারী অন্তত ৬ জন ইসরাইলি সেনা সাম্প্রতিক মাসগুলোতে আত্মহত্যা করেছেন।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরাইলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার হার বৃদ্ধির বিষয়টি যুদ্ধজনিত গুরুতর মানসিক আঘাতের ফলে ঘটছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজায় চলমান সংঘর্ষ এবং গণহত্যার কারণে ইসরাইলি সৈন্যদের মানসিক স্বাস্থ্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান নিয়ে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যেখানে এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজেদের বাহিনীর মধ্যেও গভীর মানসিক প্রভাব ফেলছে।

ইসরাইলি অধিকৃত অঞ্চলে মানসিক রোগের এই সংকট এখন ইসরাইলি প্রশাসনের জন্য নতুন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং এই সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সময় এসেছে।


 

Post a Comment

0 Comments