হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরাইলি শহর মেতুলার ৬০% এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইসরাইলি মিডিয়ার প্রতিবেদনের মতে, মেতুলা শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ এবং অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হচ্ছে। আল-মায়াদিনের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক এলাকায় পরিণত হয়েছে।
সেখানে ৪৫০টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০% বাড়ির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছেন, “আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কী কী অবশিষ্ট আছে, সে বিষয়ে আমরা অনিশ্চিত।”
তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন, যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলার সম্মুখভাগে অবস্থিত।
মেয়র আজুলাই জানিয়েছেন, ওই এলাকায় ১০০টির মধ্যে অন্তত ৭৫% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবই ব্যবহারের অযোগ্য। এসব বাড়ির বেশিরভাগকেই ধ্বংস করা প্রয়োজন।
এছাড়া, ফিলিস্তিনের দখলকৃত উত্তরাঞ্চলে ২০,০০০ বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে। আজুলাই আরও উল্লেখ করেন, দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ ২ বিলিয়ন শেকেলের (ইসরাইলি মুদ্রা) বা ৫৫ কোটি মার্কিন ডলারের বেশি।



0 Comments