দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মহাসচিব গোলাম সারওয়ার বলেছেন, সার্ক প্রক্রিয়ার অগ্রগতিতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
এ সময় সার্ক মহাসচিবের সঙ্গে ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (দারিদ্র্য বিমোচন ও তথ্য) হরি প্রসাদ ওদারি। সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সার্ক ও বিমসটেকের মহাপরিচালক আবদুল মোতালেব সরকার।
মহাসচিব গোলাম সারওয়ার পররাষ্ট্র উপদেষ্টাকে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রোগ্রামিং কমিটির পরবর্তী অধিবেশন আহ্বান, আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রম এবং সার্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপনসহ সার্কের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা মহাসচিবকে জানান, বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবিত করতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। তিনি মহাসচিবকে সার্কের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন এবং কার্যকরী পর্যায়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের (স্ট্যান্ডিং কমিটি) বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সার্ক সচিবালয়ের ম্যান্ডেট পূরণে সহায়তা এবং সার্ক প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সূত্র: ইউএনবি



0 Comments