ডা. শফিকুর রহমান: 'আমরা এমন সমাজ চাই যেখানে মানুষের সকল অধিকার সুরক্ষিত থাকবে'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "যে সমাজে সুন্দর মূল্যবোধ, সুকুমারবৃত্তি, ন্যায় ও ইনসাফের চর্চা হয়, সে সমাজই সুখী, সমৃদ্ধ এবং শান্তির সমাজে পরিণত হয়।"
তিনি আজ (৭ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমীর রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম, শাহ আলম তুহিন প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের দেশে রাজনীতির একটি প্রচলিত স্লোগান আছে, 'ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়'। কিন্তু বাস্তবে তা কখনোই পরিপূর্ণভাবে প্রতিফলিত হয় না। জামায়াতও একই শ্লোগান দেয়, তবে আমরা শুধু শ্লোগান দিয়ে দায় সেরেই থেমে থাকি না, বরং তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। রাসূল (সা.) বলেছেন, 'যারা মানুষের কল্যাণে কাজ করে, তারা উত্তম'। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করার জন্য সর্বদা চেষ্টা করে। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "আমরা দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই এবং সে লক্ষ্যে সকলকে একদফা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।" তিনি বলেন, "আজও শীত তীব্র হয়নি, তবে শীতের প্রাক্কালে আমরা আগেভাগেই প্রস্তুতি হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের লক্ষ্য একটাই—দেশের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই ছোট প্রচেষ্টা যদি অন্যদের উদ্বুদ্ধ করতে পারে, তবে আমরা সফল হব।"
ডা. শফিকুর রহমান জামায়াতের কল্যাণকামী কার্যক্রম তুলে ধরে বলেন, "আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, চিকিৎসাসেবা এবং এম্বুলেন্সসহ লাশবাহী গাড়ির সেবা আমরা দিয়ে থাকি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
বিশেষ অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "জামায়াত একটি ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ তৈরি করতে চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এবং ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।"
তিনি সকলকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।



0 Comments