রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের
রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার বাসিন্দা মো. আরিফ (২৩) গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া আরিফ চিকিৎসা শেষে সুস্থ হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে এর আগে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে। নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বদিউজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলার তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’



0 Comments