সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিনির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।- ছবি বাসস
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ছিল জুলাই মাসের গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।
রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, "ফিলিস্তিন বাংলাদেশের আবেগের জায়গা। ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ সবসময় পাশে ছিল এবং থাকবে। এজন্য আমরা ২০২৩ সালের ২৯ নভেম্বর ‘মার্চ ফর প্যালেস্টাইন’ প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের একটি প্রতীক। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের ন্যায্য দাবিকে সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।"
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, "বাংলাদেশের মানুষ যখন আশা হারিয়ে ফেলেছিল, তখন বাংলাদেশে আমাদের জন্য এই সহানুভূতির সূচনা। বাংলাদেশের জনগণ আমাদের অধিকারের পক্ষে কথা বলে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশের মানুষ আপনাদের উপর আস্থা রাখতে চায়। যদিও ফিলিস্তিন বাংলাদেশের থেকে অনেক দূরে, তবুও অন্যান্য মুসলিম দেশগুলোর তুলনায় বাংলাদেশে ফিলিস্তিনির অধিকার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার।"
এসময়, নাহিদ ইসলাম ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে, ফিলিস্তিন তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করবে।
রাষ্ট্রদূত, বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বলেন, "বর্তমান সরকার সফল হলে ফিলিস্তিনের জনগণ শক্তিশালী হবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার জনগণের স্বপ্ন পূরণে সফল হোক।" তিনি উপদেষ্টাকে ওআইসি কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণও জানান।
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস



0 Comments