বিএনপি ও ১২ দলীয় জোটের বৈঠক
বিএনপির লিয়াজোঁ কমিটি এবং ১২ দলীয় জোটের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের জানান, এতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি নেওয়া হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, "দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হলে আমরা পরে জানাব।"
তিনি আরও বলেন, "১২ দলীয় জোট এবং বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করেছে। এই প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায়নি।"
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির লিয়াজোঁ কমিটি সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে।



0 Comments