Advertisement

নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেলেন ড. ইউনূস

 

বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার ২০২৪ সালে বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্থান পেয়েছেন। এই তালিকায় সাত নম্বরে রয়েছে তার নাম।

সোমবার (৯ ডিসেম্বর) নেচার'র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ২০২৪ সালে বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই খেতাব প্রদান করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, তালিকায় শীর্ষস্থানটি অধিকার করেছেন ড. একহার্ড পেইক, যাকে "ফাদার টাইম" হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ড. পেইক কোয়ান্টাম অপটিক্স এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানে বিশেষজ্ঞ, এবং তিনি লেজার-কুলড অ্যাটম ও আয়নের ওপর কাজ করেছেন।

ড. ইউনূসকে নেচার তালিকায় "নেশন বিল্ডার" হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ড. ইউনূসকে সরকারের দায়িত্ব নেয়ার আমন্ত্রণ জানান, এবং তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রচেষ্টা চলছে।

ড. ইউনূসের ছয় দশকের কর্মজীবন ও দারিদ্র্য দূরীকরণের জন্য তার উদ্ভাবনী ধারণাগুলোর প্রশংসা করা হয়েছে নেচার'র প্রতিবেদনে। তিনি গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানে উদ্ভাবনী উপায় অবলম্বন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

চট্টগ্রামে জন্মগ্রহণকারী ড. ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭০-এর দশকে তার প্রবর্তিত ক্ষুদ্রঋণ মডেল দারিদ্র্য বিমোচনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং দারিদ্র্য দূরীকরণে বৈশ্বিক আন্দোলন শুরু করেন।

তবে, বর্তমানে তার সামনে ১৭ কোটি মানুষের একটি দেশ সংস্কারের বড় চ্যালেঞ্জ। জনগণ জানতে চায়, তিনি কীভাবে দুর্নীতি দূর করবেন, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবেন এবং নাগরিক অধিকার রক্ষা করবেন।

Post a Comment

0 Comments