Advertisement

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সামরিক সংলাপ

 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১১তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ শুরু হচ্ছে বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে। এ সংলাপ ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

এ সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশ নেবে, যার নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।

এই সামরিক সংলাপ উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সামরিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা এবং অন্যান্য সহযোগিতার বিষয়গুলো উঠে আসবে।

বাংলাদেশ প্রতিনিধি দলে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও থাকবেন।

সূত্র: বাসস

Post a Comment

0 Comments