"সত্যের সৌন্দর্য হলো, এটি অবশ্যম্ভাবীভাবে প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়, এবং আমাদের আশ্বস্ত করে যে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।" একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এক্স-এ দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ওই পোস্টে তারেক রহমান আরও লিখেছেন, "আসুন, আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।" বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা বিভিন্ন মত-পথ ও মতাদর্শের ওপর ভিত্তি করে বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ প্রদান করবে।"
"সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা, এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই," উল্লেখ করেন তারেক রহমান।



0 Comments