Advertisement

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গত ৬ ডিসেম্বর আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশী যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ অন্যায় হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমাগতভাবেই বাড়ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশীদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে। জাতিসঙ্ঘের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তে সকল বাংলাদেশী হত্যাকাণ্ডের ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি

Post a Comment

0 Comments