আগামী রমজানে পণ্যের দাম কম থাকবে : বাণিজ্য উপদেষ্টা
আগামী রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, "রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে এবং খেজুর, ছোলা, ডালসহ প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে।"
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত প্রাইজ গিভিং সিরিমনি অব ইফআরএফ-প্রাণ ২০২৪ অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি আরও বলেন, "গত ১৫ বছরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে এবং পাচারের জন্য তারা সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টিসিবির।"
বাণিজ্য উপদেষ্টা বলেন, "গত ১৫ বছরে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করা হয়েছে। কিছু মানুষের কারণে অর্থ চুরি হয়ে গেছে। এটি আমাদের জন্য একটি অত্যন্ত চিন্তার বিষয়।"
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, অন্যথায় বাজারে সঙ্কট সৃষ্টি হতো। যদিও সাধারণ ক্রেতাদের জন্য এটি কষ্টকর, তবে বাস্তবে এটি প্রয়োজনীয় ছিল। আমরা অন্য পণ্যের দাম কমিয়ে সমন্বয় করার চিন্তা করছি।"
তিনি আরও বলেন, "কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করা হয়েছে, যার ফলে বড় সমস্যা সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যগুলো অসামঞ্জস্যপূর্ণ, ফলে উৎপাদন এবং চাহিদার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে।"
ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
সূত্র : ইউএনবি



0 Comments