Advertisement

স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর


আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে স্কুলে ভর্তির লটারি

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য লটারি ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৭ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পেরেছে। এই সময়ে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এতে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী, আর বেসরকারি স্কুলে আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন।

ভর্তি কমিটির তথ্যমতে, ৬৮০টি সরকারি স্কুলে মোট ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী আবেদন করেছেন, এবং তাদের পছন্দের সংখ্যা ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।

Post a Comment

0 Comments