বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা একটি এমন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে। সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।"
শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৩-এর ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম, শাহ আলম তুহিন প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান প্রচলিত রয়েছে, 'ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়', কিন্তু বাস্তবে এ স্লোগানের কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে, তবে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হলো—আমরা এই স্লোগান দিয়ে দায় শেষ করি না, বরং তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করি। রাসূল (সা.) বলেছেন, 'যারা মানুষের কল্যাণে কাজ করে তারা উত্তম।' জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে মানুষের কল্যাণে কাজ করার সাধ্যমতো চেষ্টা করছে, এবং এই কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"
তিনি দেশের ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "এখনো রাজধানীতে শীত পড়েনি, তবে শীতের পূর্বপ্রস্তুতি হিসেবে আমরা অগ্রিম শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিজেদের নিতে চাই না, বরং অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি। আমরা আশা করি, সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।" তিনি জামায়াতের কল্যাণকামী উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, "জামায়াত মানুষের কল্যাণে বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাসহ সাধারণ মানুষের জন্য মেডিকেল সেবা প্রদান করি। আমরা এম্বুলেন্স ও লাশবাহী গাড়ির সেবা দিয়েও মানুষের পাশে দাঁড়াই।"
বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "জামায়াত ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি সমাজ ও জাতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।" তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।



0 Comments