Advertisement

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা হিসেবে প্রচারের অভিযোগ: ফ্যাক্ট ওয়াচ

 

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’ জানিয়েছে, ভারতীয় একটি মিডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে দেবী কালী বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের মন্দিরে হামলা হিসেবে ভুলভাবে প্রচার করেছে।

ফ্যাক্ট ওয়াচ ভাইরাল ভিডিওটি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে, যা ভারতীয় মিডিয়া আউটলেট আরটি ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। পোস্টে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি কালী মন্দিরে হামলার ঘটনা।

ফ্যাক্ট ওয়াচ নিশ্চিত করেছে যে এটি আসলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কালী বিসর্জনের ভিডিও।

এই ভিডিওটির প্রকৃত ঘটনা শনাক্ত করতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধীনস্থ সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচ ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে অনুসন্ধান চালায়।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ২০২৪ সালের ৩ ডিসেম্বর ফেসবুক ব্যবহারকারী বিনোদ ঘোষের অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল, যা ফ্যাক্ট ওয়াচ তাদের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুর গ্রামে শতাব্দী প্রাচীন কালীপূজোর একটি দৃশ্য, যেখানে প্রতি ১২ বছরে গ্রামের পুরোহিতরা প্রথমে ১৩ ফুট লম্বা কালী মূর্তির আঙুল ভাঙেন, পরে সাধারণ মানুষ মূর্তির বাকি অংশ ভেঙে বিসর্জন দেন।’

ফ্যাক্ট ওয়াচ আরো কিছু চিত্র এবং ভিডিও খুঁজে পায়, যা ওই ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। সেখানে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ ও উদযাপন করছেন।

এছাড়া, দ্য ডেইলি স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্য পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে এই প্রথাটি ৬০০ বছরের পুরনো। প্রথমে গ্রামের কামার সম্প্রদায় (বঙ্গের কর্মকার জাতির সমতুল্য) এই পূজো পালন করত, পরবর্তীতে মণ্ডল পরিবার তাদের দায়িত্ব গ্রহণ করে।

গুগল স্ট্রিট ভিউতে কালী মন্দিরের দৃশ্য এবং ফেসবুক ভিডিওর সাথে তুলনা করে নিশ্চিত হওয়া যায় যে মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গের সুলতানপুর গ্রামে অবস্থিত, বাংলাদেশে নয়। এছাড়া, সেখানে কোনো হিন্দু ভক্ত নিহত হওয়ার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

তবে, ভাইরাল ভিডিওটি মিথ্যা তথ্য হিসেবে বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে শেয়ার করা হচ্ছে বলে ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে।

প্রতিবেদনটি শেষ করে বলা হয়েছে, ‘সব দিক বিবেচনা করে ফ্যাক্ট ওয়াচ ভাইরাল পোস্টটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।’
সূত্র: বাসস

Post a Comment

0 Comments