ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী বলেছেন, "ঢাকা শহরে আমরা সেবক হিসেবে কাজ করতে চাই। থানায় জিডি দায়ের হলে ৪৮ বা ৭২ ঘণ্টা পর নয়, ২ থেকে ১ ঘণ্টার মধ্যে পুলিশ কর্মকর্তা সাড়া দেবেন। তারা অভিযোগকারীর কাছে গিয়ে অভিযোগ শুনবেন এবং গুরুত্ব অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবেন।"
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
কমিশনার বলেন, "আমি একজন সেবক, রেভিনিউ বা ট্যাক্স কালেক্টর নই। আমার মূল কাজ হলো সেবা প্রদান করা।"
উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, "তেজগাঁও থানায় ৫০০ মামলা হলে তাতে কোনো সমস্যা নেই, তবে আমি কমিশনার হিসেবে এর জন্য জবাবদিহি করব। কেন ৫০০ মামলা হলো, তার ব্যাখ্যা দিতে হবে। মামলা হোক, জিডি হোক—এতে কোনো সমস্যা নেই, তবে কোনো ঘটনা যাতে চাপা না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। যে ঘটনা ঘটেছে, তার জন্য মামলা নেওয়া হবে এবং যে ঘটনার জন্য জিডি হতে পারে, সেটারও জিডি গ্রহণ করা হবে।"
নতুন একটি পদক্ষেপের ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, "আগে জিডি হওয়ার পর ৪৮ বা ৭২ ঘণ্টা পরে তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতেন বা ঘটনাস্থলে যেতেন। কিন্তু এখন থেকে, জিডি নথিভুক্ত হওয়ার ১/২ ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সাথে যোগাযোগ করবেন। তিনি অভিযোগ শুনে তা অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং মামলা গ্রহণের মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা নথিভুক্ত করবেন।"
কমিশনার আরও বলেন, "এ ব্যবস্থা আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে চালু হবে। এজন্য নতুন লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এক সপ্তাহের প্রশিক্ষণ শেষে তাদের থানায় পাঠানো হবে। আমি চাই সেবা দেওয়ার সময় কমিয়ে আনা এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি সহায়তা দ্রুত পাওয়া যায় এমন ব্যবস্থা নিশ্চিত করা।"
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন।



0 Comments