ইসরাইল ঠাণ্ডা মাথায় ফিলিস্তিনিদের হত্যা করছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসরাইল ঠাণ্ডা মাথায় ফিলিস্তিনিদের হত্যা করছে।
সোমবার (৯ ডিসেম্বর) মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, "১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে জাতিসঙ্ঘ এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।"
ডা. শফিকুর রহমান আরও বলেন, "গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মির, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরাইলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠীকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছে না। যুদ্ধের সকল নিয়ম-নীতি ভূলুণ্ঠিত করে মানবতার দুশমন ইসরাইলি বাহিনী ঠাণ্ডা মাথায় ৪৪ হাজারের অধিক বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা এবং ১ লাখ ৫ হাজারের অধিক মুসলিমকে আহত করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেখানকার ৮০ ভাগ বসতভিটা মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। গাজাবাসীর জন্য চিকিৎসা সামগ্রী, ওষুধ, খাদ্য, পানি—কোনো কিছুই ঢুকতে দিচ্ছে না ইসরাইলি বাহিনী। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।"
তিনি আরও বলেন, "কাশ্মির, মিয়ানমারের রাখাইন, লেবানন, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্ব মানবাধিকার দিবসে আমরা অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখার এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।"
প্রেস বিজ্ঞপ্তি



0 Comments