ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত বাংলাদেশে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। তিনি জানান, দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত।
সোমবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এই মন্তব্য করেন।
বিক্রম মিশ্রি বলেন, "আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি যে ভারত বাংলাদেশে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও আমরা এই সম্পর্ককে একটি জনমুখী সম্পর্ক হিসেবে দেখতে চাই, যার কেন্দ্রবিন্দু হবে সকল মানুষের কল্যাণ।"
তিনি আরও বলেন, "আমরা সবসময় একে অপরের জন্য সহায়ক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত, যা উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি।"
ভারতের পররাষ্ট্রসচিব জানান, তিনি এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি ও কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, "আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের উদ্বেগগুলো তুলে ধরেছি এবং কিছু দুঃখজনক ঘটনা, যেমন সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলা নিয়েও আলোচনা করেছি।"
আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন বিক্রম মিশ্রি, যা ছিল তার পররাষ্ট্রসচিব হিসেবে প্রথম বাংলাদেশ সফর।



0 Comments