Advertisement

১৮ বছর বয়সীদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে ইসি

 

ভোটার হওয়ার জন্য ১৮ বছর পূর্ণ করা ব্যক্তিদের আহ্বান নির্বাচন কমিশনের

আগামী ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে অথবা যারা ইতোমধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন কিন্তু ভোটার হননি, তাদের ভোটার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আগামী ২ জানুয়ারি ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা যদি এখনো ভোটার না হয়ে থাকেন, তাহলে তাদের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। রোববার পাঠানো বিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে, রোববার (৮ ডিসেম্বর) ইসি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে যাদের এনআইডিতে ভুল রয়েছে, তারা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবী-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে, সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেছেন, প্রতি বছর ১ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা হয়। এই বছর ১৭ লাখ তথ্য সংগ্রহ করা হয়েছে, যা ১ জানুয়ারি ২০২৫ তারিখে নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হবে।

তিনি জানান, যদিও পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনেকেই নিবন্ধন সম্পন্ন করেন না, তবে আনুমানিক ৪৫ লাখ যোগ্য ভোটার হতে পারতেন। এর মধ্যে ১৩ লাখ তথ্য ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল এবং বাকি ৪ লাখ তথ্য এবছর সংগৃহীত হয়েছে। তিনি জানান, আনুমানিক ২৭ থেকে ২৮ লাখ ভোটার যোগ্য হতে পারে, যদিও এই সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে।

কমিশনার বলেন, যারা বাদ পড়েছেন, তাদের আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাই এবং এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে, তাদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

Post a Comment

0 Comments