অবশেষে ছয় সপ্তাহ পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা দু’সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাধবপুর চা বাগানের ১,১৫০ জন শ্রমিককে এ মজুরি প্রদান করা হয়।
গত সপ্তাহে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে ৫ ডিসেম্বর মজুরি দেয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বাগান কর্তৃপক্ষ মজুরি দিতে ব্যর্থ হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না।
উল্লেখ্য, ১ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম অধিদফতর কার্যালয়ে চা শ্রমিকদের শীর্ষ নেতাদের এবং ন্যাশনাল টি কোম্পানির কর্তৃপক্ষের মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মজুরি পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান, মহাব্যবস্থাপক এমদাদুল হক, ডিডিএল নাহিদুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল, সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি ও অন্যান্য নেতারা।
এ বৈঠকে শ্রমিকদের ৫ ডিসেম্বর থেকে কাজে যোগ দেয়ার প্রথম দিন দু’সপ্তাহের বকেয়া মজুরি, মাসিক বেতনধারী শ্রমিকদের এক মাসের বেতন, এবং বাগানের অন্যান্য কর্মচারীদের ২০ ডিসেম্বরের মধ্যে এক মাসের বেতন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, বাগান বন্ধের দিনগুলোতে শ্রমিকদের রেশন কর্তন না করার এবং বোনাস ও বার্ষিক ছুটির দিন গণনায় বাগান বন্ধের দিনগুলোকে অনুপস্থিত হিসেবে ধরা না করার সিদ্ধান্ত নেয়া হয়। অবশিষ্ট বকেয়া মজুরি আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে পরিশোধ করার কথা এবং ৭ এপ্রিল ২০২৫-এর মধ্যে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদা পরিশোধ করারও প্রতিশ্রুতি দেয়া হয়। এসব সিদ্ধান্তের পর শ্রমিকরা ৫ ডিসেম্বর কাজে যোগ দেয়ার প্রতিশ্রুতি দেন।



0 Comments