Advertisement

ইইউ কূটনীতিকদের সাথে বৈঠক: দিল্লির ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার

 

ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দিল্লিতে অবস্থিত ভিসা সেন্টার ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়েছেন।

সোমবার বেলা ১২টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানান, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লিতে গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, "বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যথাযথ ভিসা পেতে পারছেন না। যদি ভিসা সেন্টার ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা হয়, তাহলে বাংলাদেশের শিক্ষার্থী এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।"

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশীদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্যান্য দেশগুলোকে একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সূত্র: বিবিসি

Post a Comment

0 Comments