শুধুমাত্র অর্থের পেছনে না ছুটে, নিষ্ঠা ও চারিত্রিক মূল্যবোধ ধারণ করে দেশের সেবক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) ল’ অ্যালামনাই রিসিপশন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিআইইউ ঢাকার আইন বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর কামালুদ্দীন আবদুল্লাহ জাফরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো: আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সৈয়দ শহীদুল বারী, রেজিস্ট্রার ড. সোহেল আল-বেরুনী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো: আসিকুজ্জামান নজরুল, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রমুখ।
আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো: গোলাম রসুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টি সদস্য মো: মিজানুর রহমান, জারির জাফরী, ড. আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিআইইউ ল’ অ্যালামনাইয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, "সকলে পেশাগত জীবনে শুধুমাত্র অর্থের পেছনে না ছুটে, যদি নিষ্ঠার সঙ্গে চরিত্রবান হয়ে দেশের সেবক হিসেবে কাজ করতে পারেন, তবে সম্মান ও ঐশ্বর্য দু'টিই অর্জন করা সম্ভব।" তিনি আরও বলেন, "ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম প্রধান এই দেশে ইসলামী আইন শেখার একটি বিশ্ববিদ্যালয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।"
উল্লেখ্য, ২০০৬ সালে কামালুদ্দীন জাফরীর অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) চালু করেন। এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার মুগদা থানার গ্রীন মডেল টাউনে অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আইন, কলা ও সামাজিক বিজ্ঞান, এবং ব্যবসায় প্রশাসন অনুষদসহ মোট চারটি বিভাগ রয়েছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আরও বলেন, "আজকের অনুষ্ঠানে এসে আমি জানতে পারলাম, বিআইইউ’র আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা জাতিকে নেতৃত্ব দিতে, জনগণের সেবা করতে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন।"
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন, যাদের সাহসিকতায় একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। একইভাবে, ২০০৭ সালের ছাত্র-জনতার নেতৃত্বাধীন বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ তাঁর বক্তব্যে বলেন, "আপনারা যত বেশি আত্মবিশ্বাসী হবেন এবং নিজেকে যত বেশি বিদ্যা চর্চার মধ্যে রাখতে পারবেন, তত বেশি প্রতিষ্ঠিত হতে পারবেন এই পেশায়।" তিনি বিআইইউ’র শিক্ষার পরিবেশ, কাঠামোগত উন্নয়ন এবং গ্রাজুয়েটদের মান দেখে মুগ্ধ হন এবং বলেন, "আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অপরিসীম ভূমিকা রাখেন।"
প্রেস বিজ্ঞপ্তি



0 Comments