প্রথম ম্যাচে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে জিতেই সিরিজে সমতা আনতে মরিয়া টাইগ্রেসরা। অন্যদিকে, জয়ের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য আয়ারল্যান্ডের।
সিলেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে শনিবার দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২ রানের হারের মধ্য দিয়ে সিরিজ শুরু করতে হয় স্বাগতিকদের।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ড আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে। জবাবে বাংলাদেশের ১০৩ রানের রেকর্ড উদ্বোধনী জুটির পরও ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে হারতে হয় টাইগ্রেসদের। দুই ওপেনার দিলারা আকতার ৪৯ এবং সোবহানা মোস্তারি ৪৬ রান করেন, তবে মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় বাংলাদেশ ম্যাচে সাফল্য পায়নি।
দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে আশাবাদী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় দলের পেসার জাহানারা আলম বলেন, "আমরা খুবই আশাবাদি। দারুণ ছন্দে আছি। আইরিশদের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ ৩-০ জিতেছি। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট সম্পূর্ণ আলাদা, তবে এই ফরম্যাটে বল-বাই-বল টার্গেট করতে হয় এবং সময় কম থাকে। আমাদের বিশ্বাস, আয়ারল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটারকে দ্রুত শিকার করতে পারলে, তাদের অল্প রানে আটকে রাখতে পারব এবং ম্যাচটি ইতিবাচক দিকে যাবে। তখন আমরা ট্রফি জিততে পারব।"
তিনি আরও বলেন, "প্রথম ম্যাচে শুরুটা ভালো ছিল। ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। তাই আমি বিশ্বাস করি, সিরিজ আমরা নিতে পারব।"
জাহানারা মনে করেন, টপ অর্ডারের সঙ্গে মিডল অর্ডার ব্যাটাররা যদি ভালো করেন, তাহলে জয় সম্ভব। "প্রথম ম্যাচে ১৭০ রানের টার্গেটে আমরা ভালো শুরু করেছিলাম, পাওয়ার প্লে কাজে লাগিয়েছিলাম, তবে মিডল অর্ডারে কিছু ভুলের কারণে আমরা সাফল্য পাইনি," বলেন তিনি।
নিজের পারফরম্যান্সের চেয়ে দলের ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন জাহানারা। তিনি বলেন, "বাংলাদেশ দলের জার্সি গায়ে ফেরার সুযোগ পেয়ে আমি খুব খুশি। তবে খুশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।"



0 Comments