ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা: ইডেন ছাত্রলীগের সভাপতি রিভার ২ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা (৩২) এর বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার, তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রিভার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য জামিনের আবেদন করলে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তামান্না জেসমিন রিভারকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা শহরের শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারভুক্ত করা হয়েছে।
সূত্র: বাসস



0 Comments