অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পার্বত্য অঞ্চলকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।
সোমবার (২ ডিসেম্বর) ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, দেশের মোট আয়তনের এক দশমাংশ জুড়ে পার্বত্য অঞ্চলের জনগণ বাস করছে, তাই এই অঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, পার্বত্য জেলা অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন শিল্পের উন্নতির জন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে বেকারত্ব হ্রাস, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে, পাশাপাশি সামাজিক বৈষম্যও কমে যাবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীর শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিবছরের মতো এ বছরও ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস-২০২৪’ উদযাপিত হতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে তিনি দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যা শান্তি চুক্তি নামেও পরিচিত।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে একটি বৈষম্যহীন, ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস-২০২৪’-এর সার্বিক সফলতা কামনা করেন।
সূত্র: বাসস



0 Comments