Advertisement

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে এই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

জানা গেছে, আজ বাদ জোহর এ এফ হাসান আরিফকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে জানান যে, তার মেয়ে কানাডায় অবস্থান করছেন। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল তার জন্য অপেক্ষা করা হবে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দাফন শনিবার বাদ জোহর সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ এফ হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

উল্লেখ্য, ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তার কর্মজীবনের শুরু হয়েছিল ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে। পরবর্তীতে ১৯৭০ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। কর্মজীবনে তিনি সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন।

 

Post a Comment

0 Comments